Published : 15 Oct 2025, 03:59 PM
কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধা ৬টায় খোকসা ২ নম্বর পৌর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে খোকসা থানার ওসি শেখ নাঈমুল ইসলাম জানান।
নিহত ৩৫ বছর বয়সী শাহিন ওই এলাকার আছের আলীর ছেলে এবং কাঁচামাল আড়তের কর্মী ছিলেন।
বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মাঠপাড়ার ওই ভবন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বস্তা খোলার পর মৃতদেহের গলায় রশি পেচানো দেখা যায়।
নিহতের স্ত্রী শ্যামলী খাতুন বলেন, “প্রতিদিনের মতো রোববার সকালে শাহিন বাড়ি থেকে বেরিয়ে জানিপুর কাঁচা বাজারে আড়তে কাজ করতে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকাল থেকে শাহিনকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও কোন হদিস মেলেনি।
“সোমবার রাতে খোকসা থানায় বিষয়টি জানানো হয়। তখন পুলিশ আরও খোঁজাখুঁজি করতে বলে; না পেলে সাধারণ ডায়েরি করার কথা জানায়। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এক লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বস্তাবন্দি লাশটি শাহিনের।”
তিনি বলেন, “আমার স্বামীরে গলায় দঁড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা কইরে বস্তায় ঢুকাই এইখানে ফেলে গেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
ওসি নাঈমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের লোকজন শাহিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।