Published : 12 Jun 2026, 08:17 PM
নোয়াখালীতে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থনে ছাত্রদল নেতাদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় জেলা শহরের উজ্জ্বলপুরে টার্ফে এ ম্যাচের আয়োজন করে জেলা ছাত্রদল।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আয়োজিত এ ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল দুদলের খেলোয়াড় হিসেবে অংশ নেন জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদর উপজেলা, নোয়াখালী শহর ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতারা।
ম্যাচে শুরু থেকেই দুদলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, “বিশ্বকাপকে ঘিরে আমরা ব্রাজিল ও আর্জেন্টিনায় ভাগ হয়ে যাই। এতে অনেক সময় মারামারি, সংঘাত-সহিংসতার মতো ঘটনা ঘটে। সেই জায়গা থেকে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি, যাতে সম্প্রীতির বার্তা দেওয়া যায়।”
তিনি বলেন, “খেলার মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। আমরা চাই, ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপে খেলবে। তখন আমরা সবাই একসঙ্গে আনন্দ করব।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান বলেন, “তরুণরা খেলাধুলায় থাকলে মাদক ও অপরাধ থেকে দূরে থাকে। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে।”
তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদেরকে ভালো পথে রাখা। সবাই যেন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত হয় এই বার্তাই আমরা দিতে চাই।”