২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: ময়মনসিংহ মেডিকেলে আইসোলেশন ওয়ার্ড চালু, ১৩ স্বাস্থ্য কমপ্লেক্সে কমিটি

বায়ুবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

হাম রোগের প্রাদুর্ভাব বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া এ রোগ নিয়ন্ত্রণে জেলার ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও ছয় শিশু ভর্তি হয়েছে; এ ছাড়া বর্তমানে চিকিৎসাধীন আছে ৬৮ শিশু।

সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বায়ুবাহিত এ রোগে আক্রান্তদের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৭ মার্চ সকাল থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়। এর মধ্যে পাঁচ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। পরিস্থিতি সামল দিতে ২৪ মার্চ হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তিনটি আলাদা মেডিকেল দল গঠন করে হাসপাতাল প্রশাসন। এছাড়া শিশু ওয়ার্ডে তিনটি আলাদা কক্ষে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যাবিশিষ্ট কক্ষগুলোতে একটি মেডিকেল দলের তত্ত্বাবধানে হামের চিকিৎসা চলছে। এ ছাড়া এদিন সকালে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।

হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পার্সন সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, “পরিস্থিতি সামলাতে আলাদা আইসোলেশন ওয়ার্ড স্থাপনের কাজ চলছে। সেখানে অক্সিজেন সরবরাহ, নার্স স্টেশন, চিকিৎসকদের বসার ব্যবস্থা করা হচ্ছে। 

“যে শিশুদের অক্সিজেন লাগছে, তারা পর্যাপ্ত পাচ্ছে। তবে আইসিইউ লাগবে- এমন পরিস্থিতির কোনো রোগী এখন পর্যন্ত আমাদের এখানে ভর্তি হয়নি।”

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বলেন, “হামের প্রাদুর্ভাব সারাদেশে বৃদ্ধির সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগীয় এলাকাতেও বেড়ে গেছে। যেহেতু রোগী সংখ্যা বেড়ে গেছে, শিশু ওয়ার্ডে জায়গা হচ্ছে না। সেজন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।”

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, হামে আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় জেলার ১৩ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন। 

তবে এদিন সকাল পর্যন্ত এসব উপজেলায় হামে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি বলে জানান তিনি।