ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি ‘বৈষম্যবিরোধীদের’
এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে কথা বলেন ফজলুর রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘বিপ্লবী ছাত্র-জনতা’ ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে থেকে তার বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। নাহলে তাকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহবায়ক রাতুল নাহিদ ভূইয়াঁ ও সদস্যসচিব ফয়সাল প্রিন্স।
বক্তারা দাবি করেন, ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদে কালিমা লিপ্ত করছেন। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় তারা এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন এবং তা প্রত্যাহারের আর্জি জানান।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্যসচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া।
সম্প্রতি সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ এনসিপি নেতা কক্সবাজার সফরে যান। এ নিয়েই কথা বলেন ফজলুর রহমান।
গুলশানে চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আটকের পর কেন্দ্রীয় কমিটি ছাড়া সব শাখা কমিটি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফলে জেলা পর্যায়ে সংগঠনের কমিটির বর্তমানে কোনো কার্যকারিতা নেই।
