Published : 17 Sep 2025, 08:30 PM
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল রাতারগুল জলারবন পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরের দিকে তিনি নৌকায় করে রাতারগুলের সৌন্দর্য ঘুরে দেখেন। উপদেষ্টা রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন।
তখন রাতারগুলের নৌকার মাঝিদের কণ্ঠে গানও শুনেন তিনি।
পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।”

এরপর বিকালে সিলেট শহরতলির গ্র্যান্ড সিলেট হোটেলের হলরুমে ‘জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন আসিফ নজরুল।
অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালত পৃথক করেছি, যাতে মামলা নিষ্পত্তি দ্রুতগামী হয়। আমরা বিচার বিভাগের ক্ষমতা প্রধান বিচারপতির কাছে নিয়েছি। আমরা দিনরাতে কাজ করেছি, আমাদের হাতে সময় নাই।”
“আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি, তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক কাজ করা হয়েছে, যার ফল পরবর্তীতে পাওয়া যাবে।”
আইন উপদেষ্টা বলেন, “আমাদের সবার স্যোসাল মিডিয়া আছে, যা মন চায় লিখে দেওয়া যায়। আমি প্রায় সময় শুনি আপনি কী করছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন। আমরা আপনাকে এখানে বসাইছি, আপনি কী করেছেন? আমি এখানে বুঝতে পারি না, উত্তরটা কী…। আমি তো ফুটবল খেলোয়াড় না, মঞ্চ অভিনেতা না; যে আমি যেটা করব আপনি দেখতে পারবেন।”
আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৩৫ নং অধ্যাদেশ) এর ধারা ১ এর উপ-ধারা (২) এর প্রদত্ত ক্ষমতাবলে পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি জেলায় কার্যক্রম শুরু হচ্ছে।