২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে থাকা আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনার একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জামিনে থাকা আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি কর্মীরা
রাজশাহী নগরের সাহেববাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা স্বপনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

ছাত্র আন্দোলনে হামলার মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের সাহেববাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয় বলে জানান তিনি। 

গ্রেপ্তার মাইনুল ইসলাম স্বপন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হলেও আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে মুক্ত হওয়ার পর স্বপন আত্মগোপনে ছিলেন। তিনি নগরের সাহেববাজার বড় মসজিদসংলগ্ন হোটেল মুনে অবস্থান করছিলেন। রাতে হোটেল থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তারা স্বপনের পরিচয় নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে কি-না জানতে চান। 

জবাবে স্বপন বলেন, “আমার বিরুদ্ধে একটি মামলা রয়েছে; তবে সেই মামলায় জামিনে আছি। শহরের কোনো থানায় আমার বিরুদ্ধে মামলা নেই।”

এরপরও স্বপনকে ধরে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মোস্তাক আহম্মেদ বলেন, “স্বপনের বিরুদ্ধে থানায় সরাসরি কোনও মামলা ছিল না। কিন্তু ছাত্র-আন্দোলনে হামলার ঘটনার একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

২০২৪ সালের ৫ অগাস্ট তানোরে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বপনকে আসামি করা হয়। মামলার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে উচ্চ আদালত থেকে জামিন পান বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।