গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা
একদিন আগে এই কিশোর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় এক মাদরাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, বুধবার ভোরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের একটি কলা বাগানে এই মরদেহ পাওয়া যায়।
১৫ বছর বয়সী এই কিশোর ওই গ্রামের বাসিন্দা এবং লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
খন্দকার আমিনুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এই কিশোর বাড়ি থেকে বের হয়ে এরপর আর ফেরেনি। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।
বুধবার ভোরে স্থানীয়রা বাড়ির পাশের একটি কলা বাগানে তার গলা কাটা মরদেহ দেখতে পান বলে আমিনুর জানান।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে বা কারা ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। প্রকৃত ঘটনা উদ্ধারে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
