২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে

সাইদুর রহমান রিন্টু বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

বরিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে
সাইদুর রহমান রিন্টু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 06:25 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রিন্টুকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম সোমবার এ আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মারফ জানান। 

রোববার রাজধানীর খিলগাঁও থেকে রিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনশ্রীতে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে গুলিবিদ্ধ হন মায়া ইসলাম (৫১) নামে এক নারী। 

সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় তার ছেলে মো. মোস্তাফিজুর রহমান (২৭) রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করা হয়।