সিরাজগঞ্জ-২: বিএনপি বলছে টাকাসহ আটক, জামায়াত বলছে ‘ছিনতাই’
“টাকার অংশে গড়মিল এবং কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে।”
সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে কিছু টাকাসহ আটক করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে তাদের প্রশাসন ছেড়ে দেয়।
এদিকে জামায়াত নেতৃবৃন্দ বলছেন, কেন্দ্র খরচের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই টাকা বিএনপির লোকজন ছিনতাই করে নিয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে প্রশাসন জানিয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিএনপির লোকজন রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিন এবং একই ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ইমদাদুল হকসহ চারজনকে আটক করেছেন। তারা অটোরিকশায় ছিলেন। সেখান থেকে তাদের নামানো হয়। এবং ৭১ হাজার টাকা পাওয়া গেছে বলে বলা হয়।
এ সময় আশপাশে বেশকিছু লোকজন জমায়েত হয়। পরে সংবাদ পেয়ে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “একটি অটোরিকশায় যাওয়ার সময় বিএনপি সমর্থক নেতাকর্মীরা জামায়াতের সমর্থক চারজনকে আটক করেন। বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াত ইসলামীর নাম সম্বলিত টি-শার্ট ও বেশ কিছু ব্যাচ ছিল।
“অপরদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। যা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। আর টি শার্ট ও ব্যাচ তাদের স্বেচ্ছাসেবকরা ব্যবহার করবেন। এ সময় তাদের কাছে বেশকিছু পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে।”
আব্দুল্লাহ আল মামুন বলেন, “টাকার অংকে গড়মিল এবং উভয়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, “তিনটি কেন্দ্রের পোলিং এজেন্টদের খরচ ও নির্বাচনি সামগ্রী দিতে তারা যাচ্ছিলেন। তাদের সঙ্গে কিছু ব্যক্তিগত টাকাও ছিল। পথে বিএনপির লোকজন তাদের আটক করে। পরে সেই টাকা তারা ছিনিয়ে নেয়।”
এ ব্যাপারে ছিনতাইয়ের মামলা করা হবে বলে জানান শহিদুল ইসলাম।
