চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু
“শনিবার রাতে রবিউল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর রোববার ভোরে বিএসএফের হাতে আটক হয়।”
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর বিএসএফর হাতে আটক এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সোমবার দুপুরে ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে রোববার ভোরে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের লাশ এখনও ফেরত আসেনি।
রবিউল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।
বিএসএফের বরাতে দিয়ে বিজিবির অধিনায়ক মুস্তাফিজুর রহমান বলেন, “শনিবার রাতে রবিউল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর রোববার ভোরে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফের ক্যাম্পে নিয়ে যাওয়ার পর হঠাৎ খিঁচুনি দিয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করে।
“এরপর রোববার রাতে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে অসুস্থ হয়ে রবিউল মারা গেছেন বলে জানান বিএসএফ সদস্যরা।”
তিনি বলেন, রবিউল মৃগী রোগি ছিলেন। ভারতে তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলেছে। এরপর তাকে ফেরত দেওয়া হবে। তবে ফেরতের সঠিক সময় জানানো হয়নি।
