২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের কিস্তিকে কেন্দ্র করে মারধরে যুবক নিহত, চাচী আটক

দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি জানান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এনজিওর ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে বিতণ্ডার মধ্যে হামলায় এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

বুধবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান।

নিহত মাইনুদ্দিন সরকার (৪৫) ওই গ্রামেরই রুহুল আমিন সরকারের ছেলে। পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি মাইনুদ্দিনের ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আটক মাফিয়া বেগম (৪৫) গ্রামের ফারুক সরকারের (৫২) স্ত্রী। ফারুক সরকার নিহত মাইনুদ্দিনের চাচা।  

মাইনুদ্দিনের স্ত্রী মানসুরা বেগম বলেন, ফারুক সরকার তাদের বই দিয়ে এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছেন। কিন্তু এখন নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছেন না। কিন্তু এনজিও লোকজন এসে তাদের চাপ দিচ্ছে।    

“আমার স্বামী চাপের মুখে আজকে রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হলে নিয়মিত কিস্তি দেওয়ার কথা বলেন এবং কিস্তির টাকা চান। তখন বাকবিতণ্ডার একপর্যায়ে তার উপর আক্রমণ চালায় ফারুক। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান।”

মানসুরা বেগম বলেন, “এমন পরিস্থিতিতে আমি ছয় কন্যাসন্তান নিয়ে কোথায় যাব? আমি এই হত্যার বিচার চাই।”

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, আহত অবস্থায় মাইনুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, “পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফারুক সরকারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।”

দুপুরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।