কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালাল ধর্ষণের আসামি
এ ঘটনায় আটক আসামির মা ও খালাতো বোনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়েছে ধর্ষণ মামলার এক আসামি। এ ঘটনায় আসামির মা ও খালাতো বোনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনারচর চরেরগ্রাম এলাকায় হামলার ঘটনা ঘটে বলে জানান রৌমারী থানার ওসি লুৎফর রহমান।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার আদালতের মাধ্যমে ওই দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
হাতকড়াসহ পালানো আসামি শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আলী আজগরের ছেলে। তার বিরুদ্ধে এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।
কারাগারে যাওয়ারা হলেন- রাজুর মা আবেদা আক্তার রাজিয়া (৪৮) ও তার খালাতো বোন রুনা আক্তার (২৩)।
আহত আউয়াল হোসেন রৌমারী থানার এসআই। তিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজুর বিরুদ্ধে। এ ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে রাজু পরিবারসহ এলাকা ছেড়ে ধনারচর চরেরগ্রামে তার খালার বাড়িতে আশ্রয় নেয়। এদিকে ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার রাজুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
“সোমবার রাতে ধর্ষণ, মাদক ব্যবসা ও অস্ত্র দেখিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেপ্তার করতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান যান। অভিযানে ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ।
“এ সময় রাজু ও তার মা এবং খালাতো বোন পুলিশের ওপর হামলা করে। এসআই আউয়ালের হাতে কামড় ও তার বিশেষ অঙ্গে আঘাত করা হয়। সুযোগ পেয়ে হাতকড়াসহ পালিয়ে যান রাজু।”
তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউয়ালকে উদ্ধারের পাশাপাশি রাজুর মা আবেদা আক্তার ও খালাতো বোন রুনাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা উদ্ধার করে পুলিশ।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নবিউল ইসলাম বলেন, একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম বলেন, “আমি কর্মস্থলের বাইরে আছি। বিস্তারিত বলতে পারছি না। তবে পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহতের খবর শুনেছি। তিনি চিকিৎসাধীন আছেন।”
ওসি লুৎফর রহমান বলেন, হাতকড়াসহ পালাতক রাজুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মাদক ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রাজুর মা ও বোনকে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
