২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ভ্যানচালক হত্যা: ৪ জনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্তদের মধ্যে এক আসামি পলাতক বলে জানান পিপি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

ঝিনাইদহ সদরে ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার বিকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি ইসমাইল হোসেন জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ শহরের আরাপুরের রণজিৎ বিশ্বাস, আকতার হোসেন, মঞ্জুর আহমেদ ও বশির উদ্দিন।

তাদের মধ্যে রণজিৎ বিশ্বাস পলাতক রয়েছেন। 

মামলার নথির বরাতে পিপি ইসমাইল হোসেন বলেন, পৌর শহরের মুরারিদহ গ্রামের ভ্যানচালক রেজাউল শেখ ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি রাতে ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পেছনে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

এর দুদিন পর নিহতের স্ত্রী আনজিরা খাতুন বাদী হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। 

মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুলিশ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।