২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাড়ির পাশে খালে ডুবে ২ শিশুর মৃত্যু

বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান।

নিহতরা হলে- চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর মেয়ে নুসাইবা আক্তার (৪) এবং সালাউদ্দিন মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (৫)। দুই শিশু চাচাতো ভাই-বোন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। হঠাৎ তাদের উঠানে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকেন। পরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের খালের পানিতে এক শিশুকে ভাসতে দেখেন সেখানে পানি আনতে যাওয়া এক নারী। পরে স্থানীয়রা তাদের দুজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা নূরজাহান বেগম বলেন, “আমি বাড়ির ঘাটে পানি আনতে গিয়ে ইয়ামিনের লাশ ভাসতে দেখি। পরে লোকজনরে খবর দেই। তারা খালে নাইমা দুজনেরই লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকালে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান।