২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আটোরিকশা থামিয়ে স্বামীকে আটকে গৃহবধূকে ‘ধর্ষণ’

দম্পতি রাতেই প্রথমে হাসপাতালে এবং পরে থানায় যান। রাত ৪টায় মামলা করেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 09:45 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

কুমিল্লার হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। 

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, বুধবার রাতে হোমনা কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে মামলা হয়েছে। মামলায় আশিকুর রহমানের (২৪) নাম দিয়ে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। 

মামলার বরাতে পুলিশ জানায়, ওই দম্পতি হোমনা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। গৃহবধূর বাবার বাড়ি তিতাসে। বুধবার রাতে তারা একটি অটোরিকশায় করে সেখানে যাচ্ছিলেন। 

হোমনা কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর এবং তার সঙ্গে থাকা কয়েকজন তাদের পথরোধ করে। পরে একটি নির্জন এলাকায় নিয়ে স্বামীকে আটকে রেখে আশিকুর গৃহবধূকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

দম্পতি রাতেই প্রথমে হাসপাতালে এবং পরে থানায় যান। রাত ৪টায় মামলা করেন। 

ওসি টমাস বড়ুয়া বলেন, “আমি ওই দম্পতিকে সঙ্গে নিয়ে অভিযানে যাই। আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।