২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ডাকাতি-ছিনতাইসহ ৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

যশোরে ডাকাতি-ছিনতাইসহ ৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগর থানা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 07:17 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের অভয়নগর উপজেলায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে; যার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে বলে ভাষ্য পুলিশের। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান।

নিহত রিয়াজ হোসেন (২৯) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।

আটকরা হলেন- ওবায়দুল ইসলাম মানিক (১৯), ফজলু হোসেন (২৪) এবং রাজু আহমেদ (২৩)।

ওসি নুরুজ্জামান বলেন, মধ্যরাতে কয়েকজন রিয়াজকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান ওসি নুরুজ্জামান।