২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন।
বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা এবং এর শুভ উদ্বোধন করবেন তিনি।
বুধবার বগুড়া সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী আগামী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়ক পথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে জেলা জজ কোর্টে অনলাইনে বেলবন্ড (জামিননামা) প্রদান কার্যক্রম এবং বার সমিতির নতুন ভবনের উদ্বোধন করবেন। এরপর তিনি বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্বোধন ঘোষণা করবেন।
এছাড়া গাবতলী উপজেলায় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাগবাড়ি পরিদর্শন করবেন তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, একটি গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বেলা ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত প্রেস সচিব ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর কর্মকর্তারা জেলা প্রশাসন, পুলিশ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।”
সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্ট ভেন্যুগুলো পরিদর্শন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
