ফরিদপুরে ছাত্র আন্দোলনে আহত সাজিদের বাড়ি গেলেন এসপি
তিনি সাজিদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন।
চিকিৎসা সংকটের খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের হামলার শিকার সাজিদ মণ্ডলের বাড়ি ছুটে যান ফরিদপুরের এসপি মো. আব্দুল জলিল।
রোববার সকালে সাজিদকে দেখতে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুরে তার বাড়িতে যান তিনি।
এসময় তিনি সাজিদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা করেন।
এছাড়া তার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।
গত ৪ অগাস্ট সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়েছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সাজিদ মণ্ডল।
থানা রোডে এসে সাউন্ড গ্রেনেড আর কাঁদুনে গ্যাসের শিকার হন তারা।
তখন আত্মরক্ষার জন্য হিতৈষী স্কুলের দিকে গেলে সেখানে তাকে বেধড়ক পেটায় ছাত্রলীগ ও যুবলীগ।
এতে তার সারা শরীরে জখম হয় ও হাত-পা ভেঙে যায়। পরে হাসপাতালে চিকিৎসা নিলেও টাকার অভাবে দীর্ঘ মেয়াদী চিকিৎসা না নিতে পেরে বাড়িতে বিছানাবন্দি কাটছে তার দিন-রাত।
দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছোট। তার বাবা জাহাঙ্গীর মণ্ডল একজন ইজিবাইক চালক।
সাজিদের বাবা বলেন, আহত হওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় তার ছেলে। সাজিদের ডান হাতের আঙুল, বাম হাতের মাঝ বরাবর ও ডান পায়ের গোড়ালির দিকে ভেঙে গেছে। অস্ত্রোপচার করে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে সে বাড়িতেই আছে।
চিকিৎসকরা বলছেন, কিছুদিন পর রডের স্ক্রু খুলতে হাসপাতালে যেতে হবে। এক বছর পর বড় একটি অস্ত্রোপচার করানোর কথা জানিয়েছেন চিকিৎসক।
সাজিদের বাবার ভাষ্য, প্রাথমিক অবস্থায় হাসপাতাল থেকে ছাড় পেলেও ছেলের দশা খুবই করুণ হয়ে উঠেছে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। পুষ্টিকর খাবারের অভাবে সাজিদের দেহের হাড়গোড় বেরিয়ে গেছে।
সাজিদ মণ্ডলের ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি।
এসপি আব্দুল জলিল আহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলা দায়েরের পরামর্শ দেন।
তিনি আরো বলেন, “হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া সাজিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। পরেও খোঁজ-খবর রাখা হবে।”
এ সময় তার সঙ্গে কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামানসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন।
আন্দোলনে অন্য নিহত ও আহতদের বাড়িতেও পর্যায়ক্রমে যাবেন বলে জানান এসপি আব্দুল জলিল।
