২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে হস্তান্তর

বেলাল হোসেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 10:10 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

বগুড়ার কাহালু উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। 

ওই আওয়ামী লীগ নেতার নাম পি এম বেলাল হোসেন (৫৬)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলার তেলিয়ান গ্রামের মৃত লজাবত প্রামাণিকের ছেলে।  

কাহালু থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “সোমবার দুপুরে লোকজন বেলাল হোসেনকে থানায় হস্তান্তর করে। পরে উপজেলার বীরকেদার ইউনিয়নের আগের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, “তবে কারা তাকে আটক করে পুলিশে দিয়েছে তা বলতে পারব না।”

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাল হোসেন আটক হওয়ার আগে উপজেলায় একটি সভায় অংশগ্রহণ করেন। পরে তাকে কাহালু রেলগেইট এলাকা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়। 

এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, “ওই আওয়ামী লীগ নেতা তো পলাতক ছিলেন। হঠাৎ করেই তাকে দেখা যায়। উপজেলা মিটিংয়ে নাকি আসছিলেন। সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে লোকজন আটক করে পুলিশ দিয়েছে।”