২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারবার চিঠি পাঠিয়েও ঠিক হয়নি তাজউদ্দীনের সিটিস্ক্যান মেশিন

রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে সরকারের সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরোধ সৃষ্টি হওয়ায় মেশিন সচল হচ্ছে না বলে দাবি হাসপাতালটির পরিচালকের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 10:38 AM

Updated : 26 Aug 2026, 10:44 AM

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে থাকা একমাত্র সিটিস্ক্যান মেশিনটি এক বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। 

গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে বারবার চিঠি পাঠানো হলেও মেশিনটি সচল করতে  কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। 

একাধিক চিঠি পাঠানোর কথা জানিয়ে হাসপাতালটির পরিচালক বলছেন, গত বছর মেশিনটি নষ্ট হয়। কেনার সময় তিন বছরের বিক্রয়োত্তর সেবার শর্ত ছিল। সময় শেষ হওয়ার পর মন্ত্রণালয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে রক্ষণাবেক্ষণের নতুন চুক্তি হয়। 

তবে এর মূল্য নির্ধারণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় মেশিনটি সচল করা যাচ্ছে না। 

গাজীপুর মহানগরের উত্তর রাজবাড়ি এলাকার বাসিন্দা ইমন বলেন, তার বাবা সৈয়দ মনিরুজ্জামান স্ট্রোক করলে মঙ্গলবার বিকালে ওই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান। 

তখন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষার সঙ্গে সিটিস্ক্যান করারও পরামর্শ দেন। 

পরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে সিটিস্ক্যান করতে যান। তখন তিনি জানতে পারেন, মেশিনটি নষ্ট। 

পরে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে পক্ষাঘাতগ্রস্ত বাবাকে নিয়ে বাইরের একটি ক্লিনিকে যেতে হয়েছে তাকে। 

এতে একদিকে যেমন ভোগান্তি পোহাতে হয়েছে, অন্যদিকে অধিক মূল্যও গুনতে হয়েছে বলে অভিযোগ ইমনের। 

শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে ব্রেইন স্ক্যানের জন্য দুই হাজার, চেস্ট স্ক্যানের জন্য আড়াই হাজার এবং অ্যাবডোমেনের স্ক্যান করাতে খরচ পড়ে প্রায় চার হাজার টাকা। 

আর বাইরে থেকে এসব পরীক্ষা করাতে গেলে রোগীকে দ্বিগুণ টাকা গুনতে হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। 

ক্ষোভ প্রকাশ করে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার বাসিন্দা আব্দুল হামিদ বলেন, “আশপাশে থাকা বেসরকারি হাসপাতাল ও ডায়ানস্টিক সেন্টারগুলোতে তো কোনো সিটিস্ক্যান এভাবে অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায় না। 

“সরকারি হাসপাতালের বাইরে সিটিস্ক্যান বা পরীক্ষার জন্য পাঠালে সংশ্লিষ্ট চিকিৎসক এবং টেকনোলজিস্টরা ওইসব প্রতিষ্ঠান থেকে সেলামি পেয়ে থাকেন। ফলে সিটিস্ক্যান মেশিন দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও সারাই করার ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক-কর্মকর্তাদের মাঝে উদাসিনতা কাজ করে।” 

একই অভিযোগ গাজীপুর মহানগরের আবু তালেবের। তিনি বলেন, “এক্ষেত্রে সরকারি হাসপাতালের  চিকিৎসকদের অবহেলা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার অভাব আছে। না হলে অতি প্রয়োজনীয় এ যন্ত্রটি এতদিন ধরে অচল অবস্থায় থাকার কথা নয়।” 

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. মোফজ্জল হোসেন বলেন, “গত বছরের ২৮ অগাস্ট থেকে নষ্ট হয়ে যায় এ বিভাগের সিটিস্ক্যান মেশিনটি। প্রতিদিন এ হাসপাতালে ২৫ থেকে ৩০ জন রোগী আসেন সিটিস্ক্যানের জন্য। কিন্তু মেশিনটি নষ্ট থাকায় আমরা কোনো রোগীর সিটিস্ক্যান করতে পারছি না। 

“এ মেশিনটি সারাই করার জন্য তৎকালীন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সুপারিশসহ অন্তত ১০টি চিঠি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনো তা মেরামত হয়নি।” 

তিনি জানতে পেরেছেন, মেশিনটির তিন বছরের বিক্রয়োত্তর সেবার শর্ত ছিল। সময় শেষ হওয়ার পর মন্ত্রণালয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে রক্ষণাবেক্ষণের চুক্তি হয়। 

তবে এর মূল্য নির্ধারণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ দেখা দেয়। 

তার দাবি, “এ হাসপাতালের মত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মেশিন মেনটেইনেন্স খরচ নিয়ে মতোবিরোধ সৃষ্টি হওয়ায় অকেজো মেশিনগুলো সচল হচ্ছে না।”

একই কথা বললেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক মো. আমিনুল ইসলামও।