Published : 20 Jul 2026, 04:36 PM
নোয়াখালীর সেনবাগ উপজেলায় খেলা দেখে বাড়িতে দেরি করে ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার বেলা ১২টার দিকে কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান।
নিহত ২৭ বছর বয়সী মো. আলাউদ্দিন রায়হান ওই বাড়ির কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।
স্থানীয়রা বলছে, রায়হান সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন। রোববার রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের ম্যাচ দেখেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের সঙ্গে তার ঝগড়া হয়।
এক পর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তখন রায়হান স্ত্রীকে আত্মহত্যা করবে বলে হুমকি দেন। কিছুদূর যাওয়ার পর ফিরে এসে স্ত্রী দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন তার স্বামী। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ওসি আবদুর রহিম সরকার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।