২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের শিক্ষা-অর্থনীতিতে সম্ভাবনা তৈরি করবে: মন্ত্রী

আসাদুল হাবিব দুলু বলেন, এইউবির শিক্ষার্থীরাই ভবিষ্যতের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী হিসেবে গড়ে উঠবে এবং দেশের বিমান ও মহাকাশ প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখবে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 08:28 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়-(এএইউবি) শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের অবহেলিত এলাকার শিক্ষা ও অর্থনীতিতে পরিবর্তনের সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট তথা বৃহত্তর রংপুর অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হবে।

এর ফলে স্থানীয় জীবনযাত্রার মানও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এখানকার শিক্ষার্থীরাই ভবিষ্যতের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী হিসেবে গড়ে উঠবে এবং দেশের বিমান ও মহাকাশ প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিশেষ অ্যাভিয়েশন ম্যাগাজিন ‘স্পেস অ্যান্ড বিয়ন্ড’-এর মোড়ক উন্মোচন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে। পরে ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গায় স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন কোর্সে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।