২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পোলট্রি ফার্মে বিষ দিয়ে ৩ হাজার মুরগি মেরে ফেলার অভিযোগ

রুহিয়া থানার ওসি মো. বদিউজ্জামান বলেন, “ফার্মে বিষ প্রয়োগে মুরগি মেরে ফেলার বিষয়টি শুনেছি।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

ঠাকুরগাঁও সদর উপজেলায় পোলট্রি ফার্মে বিষ প্রয়োগ করে তিন হাজার বয়লার মুরগি মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার সকালে উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে বলে রুহিয়া থানার ওসি মো. বদিউজ্জামান জানান। 

ফার্মের মালিক আবু সাঈদ বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগি পালন করতে তিনি তিন বছরের জন্য তিনটি শেড ভাড়া নেন। তিনটি শেডে সাড়ে সাত হাজার বয়লার মুরগি পালন করা হচ্ছিল। সকালে ফার্মে বিষ দেওয়া হয়। 

ঘটনার জন্য ফার্ম এলাকায় বসবাসকারী এক দম্পতিকে দায়ী করে আবু সাঈদ বলেন, “তারা কী কারণে আমার এই ক্ষতি করল আমি বুঝে উঠতে পারছি না। আমার প্রায় ১৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।”

আবু সাঈদ ক্ষতিপূরণ দাবি করে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

রুহিয়া থানার ওসি মো. বদিউজ্জামান বলেন, “ফার্মে বিষ প্রয়োগে মুরগি মেরে ফেলার বিষয়টি শুনেছি। তবে এখন অবধি কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”