টেকনাফে ফাঁকা গুলি ছুড়ে দুই কৃষককে অপহরণ, উদ্ধারে গিয়ে গুলিবিদ্ধ ৩
অপহৃতদের উদ্ধারে র্যাব ও পুলিশ সদস্যরা পাহাড়ে অভিযান চালাচ্ছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা দলবেঁধে অপহৃতদের উদ্ধারে পাহাড়ে গেলে ডাকাতদের ছোড়া গুলিতে তিনজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
অপহৃতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) এবং একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।
আটক সাদ্দাম (২৭) কম্বনিয়া পাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে।
গুলিবিদ্ধ সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) এবং মো. সাকিব (১২) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারা কম্বনিয়া পাড়ার বাসিন্দা।
ওসি গিয়াস উদ্দিন জানান, ডাকাতরা দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধারে পাহাড়ারের দিকে গেলে ডাকাতদের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক জানান, পুলিশের একার পক্ষে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা করা সম্ভব নয়। টিম গঠন করে যৌথবাহিনী অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে।
অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালাতে সরকারের কাছে দাবি জানান তিনি।
ওসি গিয়াস উদ্দিন বলেন, হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। র্যাব ও পুলিশ একসঙ্গে অপহৃতদের উদ্ধারে কাজ করছে।
