উল্টো পথে অটোরিকশা, বাসচাপায় প্রাণ গেল ২ আরোহীর
দুর্ঘটনাস্থলে মারা যান দুজন; তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে আসা একটি অটোরিকশার দুই আরোহীর মৃত্যু হয়েছে বাসের চাপায়। আহত হয়েছেন আরও দুজন।
উপজেলার বেলতলি এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার কিসমতপুর এলাকার জয়নাল আবেদিন (৩৫) ও দুর্লভপুর এলাকার ইমরান হোসেন (৩০)।
ওসি বলেন, লক্ষ্মীপুর থেকে ইকোনো পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে একই পথ ধরে পদুয়ারবাজার এলাকার দিকে যাচ্ছিল।
“এ সময় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।”
পরে অটোরিকশার চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
