খালেদা জিয়ার মৃত্যু: শোকাচ্ছন্ন বগুড়া, নেতাকর্মীদের কান্না
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া জেলার সর্বত্র নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর পরই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ ছড়িয়ে পড়ে।
সকাল থেকেই বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
এরপর দলীয় কার্যালয়ে কোরআন খতম শুরু হয়। খতম শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বাদ জোহর বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর হেনা বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার বাগবাড়ি বাড়িতেও সকাল থেকেই কোরআন খতম শুরু হয়। সেখানে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
শুধু বগুড়া জেলা শহর নয়, বিভিন্ন উপজেলা বিএনপি কার্যালয়েও একই ধরনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বজন স্মরণ তালুকদার বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বাগবাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।
