২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কোটাবিরোধী আন্দোলনে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলা

মারধোর করে ওই সাংবাদিকের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও মুছে ফেলা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 11:45 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কোটবিরোধী আন্দোলনে দুদল শিক্ষার্থীর হাতাহাতির ভিডিও করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে হামলার শিকার আবু উবায়দা জানান। 

তিনি স্থানীয় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক ও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে মারধর করে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও মুছে ফেলেন বলে তিনি অভিযোগ করেন। 

আবু উবায়দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ‘মারামারি’ হচ্ছিল। আমি সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলাম। এ সময় সাংবাদিক পরিচয় দিলেও আমার উপর চড়াও হয় এবং আমাকে কয়েকজন মারধর করে। পরে ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিতে বাধ্য করে।”

আবু উবায়দা আরো জানান, মারধরে তিনি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এদিকে, কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মুখপাত্র সুজয় শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ছেলে বাইক নিয়ে শিক্ষার্থীদের মাঝ দিয়ে যেতে চাচ্ছিল। তাকে বাধা দেওয়া হলেও সে জোর করে যেতে চায়। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে একটু হাতাহাতি হয়েছে। বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি।” 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেইটের সামনে সাংবাদিক আবু উবায়দাকে মারধর করেন ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস' বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল, বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।

শিশির আহমেদ সুমন বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা আমাকে বাধা দেয়; আন্দোলনকারীরা পরিচয়পত্র দেখতে চান। কিন্তু পরিচয়পত্র আমার সঙ্গে ছিল না বলে তারা মানতে চায় না। এ নিয়ে তাদের সঙ্গে তর্ক ও হাতাহাতি হয়েছে।” 

সাংবাদিককে মারধরের কথা অস্বীকার করে শিশির বলেন, “আমাদের হাতাহাতির দৃশ্য সে (আবু উবায়দা) কেন ভিডিও করবে? তাই তার ফোন নিয়ে নিছিলাম। কিন্তু তাকে মারধর করা হয়নি। বিষয়টি পুরোপুরি ভুল বোঝাবুঝি হয়েছে।”

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা ঝামেলা হয়েছে শুনেছি। কিন্তু কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।”

এর আগে দুপুর ১২টা থেকে কোটা বাতিলের দাবিতে বই পুড়িয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বিকাল ৫টা পর্যন্ত মহাসড়কে অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাই কোর্ট আদেশ দিয়েছে। কিন্তু এখন তো কেউ কোটা চায় না, সবাই মেধা দিয়ে এগিয়ে যেতে চায়। কোটা নিয়ে নাটকের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” 

বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইসমাইল তালুকদার, সাজ্জাদ, লোকপ্রশাসন বিভাগের হাসিবুর রহমান শেখ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু নছর মোহাম্মদ তোহা, আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের তামিম ও সমাজবিজ্ঞান বিভাগের অপর্ণা আক্তার।

এদিকে, বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধের কারণে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও খয়রাবাদ সেতু প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ঝালকাঠির নলছিটি উপজেলায় চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। গণপরিবহন যাত্রী অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে পায়ে হেঁটে আন্দোলনস্থল অতিক্রম করেন।

তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনের যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল।