Published : 15 Jun 2026, 06:44 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
গ্রেপ্তার মোখলেছুর রহমান (৪৮) ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উলিপুর উপজেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ জানায়, ৭ জুন উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া সেতুর উপর টায়ার জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে মোখলেছুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে মোখলেছুরকে গ্রেপ্তার দেখানো হয়।
আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
তিনি বলেন, চব্বিশের ৫ অগাস্টের পর হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের আলাদা তিনটি মামলায় মোখলেছুর গ্রেপ্তার হলেও উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। নতুন করে চতুর্থ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।