পিরোজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
“হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদে পানিতে ডুবে দুই শিশুর প্রাণ গেছে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তার ইউনিয়নের কুমিরমাড়া আশ্রয়ন প্রকল্পের পুকুরে ডুবে ওই শিশুদের মৃত্যু হয়।
মৃতরা হলো- ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেখের মেয়ে জান্নাতি আক্তার (৩) ও একই এলাকার মো. খালেক শেখের মেয়ে তাইফা আক্তার (৩)।
শারিকতলা-ডুমরিতলা ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, “জান্নাতি ও তাইফা আশ্রয়ন প্রকল্প এলাকার ভেতরে খেলতে বের হয়। এরপর দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে।
“এক পর্যায়ে আশ্রয়নের পুকুর থেকে তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
পিরোজপুর হাসপাতালের চিকিৎসক রঞ্জন বলেন, “পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল মৃত অবস্থায়।”
