২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় তিন মাস যেতে না যেতেই ভেঙেছে ৭ কোটি টাকার রাস্তা

ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষে রাস্তাটি এখনো তাদের বুঝিয়ে দেয়নি বলে জানান পাথরঘাটা এলজিইডির উপজেলা প্রকৌশলী।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 11:56 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

বরগুনার পাথরঘাটায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নিমার্ণের তিন মাস যেতে না যেতেই বাদুরতলা নামে রাস্তায় ভাঙন দেখা দিয়েছে।

পাথরঘাটা এলজিইডির উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী রাস্তাটি ভেঙে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, “পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হরিনঘাটা ইকোপার্কের আগে জাফরের দোকান নামক স্থান পর্যন্ত বাদুরতলা রাস্তার চার কিলোমিটারের কাজ শেষ হয়েছে তিন মাস আগে। এর মধ্যে রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে গেছে।  

তবে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষে রাস্তাটি এখনো তাদের বুঝিয়ে দেয়নি বলে জানান এ প্রকৌশলী।

পাথরঘাটা উপজেলা এলজিইডি কার্যালয় থেকে জানা যায়, চার কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণের জন্য ২০২২-২০২৩ অর্থ বছরে টেন্ডার দেওয়া হয়। এলজিইডির এই কাজটি করতে ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫২৫ টাকা। ই-টেন্ডারের মাধ্যমে পটুয়াখালীর আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদার কাজটি পান। সেখান থেকে সাব কন্ট্রাকের মাধ্যমে কাজের দায়িত্ব নিয়েছেন বরগুনার দুই ঠিকাদার শাহিন ও শহিদুল ইসলাম মৃধা। কাজের শুরু থেকেই এ সড়কটি নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা মজিবর রহমান বলেন, “নিম্নমানের খোয়া দিয়ে দীর্ঘদিন ফেলে রাখা ছিল রাস্তার কাজ। এ সময় ঠিকাদাররা চুলার মাটির মত নরম ইট-সুড়কি ব্যবহার করেছে। পরে বিভিন্ন দপ্তর ম্যানেজ করে তড়িঘড়ি করে কাজ শেষ করে ঠিকাদার কর্তৃপক্ষ।”

দুলাল মিয়া, জাহাঙ্গীর ও ডালিম বলেন, আগের বারও নিম্নমানের খোয়া ও বালু দিয়ে এ রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তখনও একই অবস্থা হয়। ভাঙা রাস্তা দিয়ে চলতে চলতে অতিষ্ঠ হয়ে পড়েন এই এলাকার মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তাটি নতুন করে হতে দেখে অনেকেই ভেবেছিল, এই বুঝি কষ্টের দিন শেষ হল তাদের। কিন্তু না, মাত্র তিন মাসের ব্যবধানে রাস্তার দুই পাশ ক্ষয়ে ক্ষয়ে পড়তে শুরু করেছে।  

পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ এলাকাবাসীর অভিযোগ, এলজিইডির পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্টদের যোগসাজশে ওই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। ফলে মাত্র তিন মাসের মধ্যেই রাস্তাটি ভেঙে গেছে। 

রাস্তাটি নির্মাণের অনিয়ম নিয়ে ওই সময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েকবার অবহিত করা হয় বলেও জানান ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। 

এ বিষয়ে জানতে প্রধান সাব-কন্ট্রাক্টর মোহাম্মদ শাহিনকে কল করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে শহিদুল ইসলাম মৃধার কাছে সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শিডিউল মেনেই সড়কটি নির্মাণ করা হচ্ছে।”

বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, “সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও উপজেলা প্রকৌশলীকে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত না করা পর্যন্ত ঠিকাদারকে বিল পরিশোধ না করতে বলা হয়েছে।”

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, “ঠিকাদার রাস্তার পাশে পর্যাপ্ত মাটি না দেওয়ায় দুই পাশ ভেঙে গেছে। তাছাড়া আমাদের কাছে এখনো কাজ বুঝিয়ে দেয়নি ঠিকাদার কর্তৃপক্ষ।” 

তিনি আরও বলেন, “রাস্তা হ্যান্ডওভারের আগ পর্যন্ত রাস্তার সকল দায়ভার ঠিকাদারের। তারা রাস্তার ক্ষতিপূরণ দিতে বাধ্য। সেজন্য  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”