২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নৌকাডুবি, সন্ধান মেলেনি নিখোঁজ জেলের

দুই দিন আগে মালবাহী লাইটার জাহাজের ধাক্কায় কাঁকড়া আহরণকারী একটি নৌকা নদীতে ডুবে ওই জেলে নিখোঁজ হন বলে জানায় বন বিভাগ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 06:48 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

সুন্দরবনের ভেতরে দুই দিন আগে মালবাহী লাইটার জাহাজের ধাক্কায় একটি নৌকা ডুবে কাঁকড়া আহরণকারী এক জেলে নিখোঁজ হয়েছেন।

বুধবার দিনভর বন বিভাগ ও নৌ পুলিশের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন সুন্দরবনের বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

এর আগে সোমবার রাতে সুন্দরবনের বজবজা টহল ফাঁড়ির আওতাধীন ঝপঝপিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে নুরুল ইসলাম (৪৮) খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখ সরদারপাড়া গ্রামের জব্বার শেখের ছেলে। এ ঘটনায় আরেক জেলে জাকির হোসেন সাঁতরে তীরে ওঠেন।

জাকির হোসেন জানান, ২১ নভেম্বর সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে নদীতে যান তারা। কাঁকড়া ধরা শেষে ফেরার সময় একটি মালবাহী জাহাজ তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে তিনি সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন নুরুল ইসলাম।

নুরুল ইসলামের স্বজন কয়রার উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, “ভারত থেকে আসা মালবাহী জাহাজের ধাক্কায় নৌকা ডুবে নুরুল ইসলাম নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে মঙ্গলবার ভোর থেকে সুন্দরবনের নদী-খালে তল্লাশি করছি। 

“বুধবার সারাদিন বন বিভাগ ও নৌ পুলিশের সদস্যদের সঙ্গে এলাকার লোকজন তল্লাশি করেও নুরুল ইসলামের সন্ধান মেলেনি।”

নুরুল ইসলামের দুই সন্তান ও স্ত্রী চরম দুশ্চিন্তায় আছেন; তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই বলে জানান এই ইউপি সদস্য।

কয়রা থানার ওসি ইমদাদ হোসেন বলেন, কাঁকড়া ধরার জন্য নৌকাটি ব্যবহার করছিলেন নুরুল ইসলাম। তার সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চলছে।

সুন্দরবনের বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “সোমবার গভীর রাতে মালবাহী জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জেলেদের নৌকাটি ডুবে যায়। নৌকায় দুজন জেলের একজন উদ্ধার হলেও আরেক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছি।”

নৌপথে বাণিজ্য সম্প্রসারণে ১৯৭২ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’ স্বাক্ষরিত হয়; যার আওতায় সুন্দরবনের ভেতর দিয়ে প্রতি মাসে কয়েকশ পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল করে বলে জানান তিনি।

ভারতের হেমনগর থেকে এসব নৌযান রায়মঙ্গল নৌ-সীমান্ত হয়ে সুন্দরবনের কাঁচিকাটা, মালঞ্চ, আড়পাঙ্গাসিয়া, বাটুলা, শাকবাড়িয়া, বজবজা, ঝপঝপিয়া, আড়ুয়া শিবসা, শিবসা নদী হয়ে মোংলা বা খুলনায় আসে।

সুন্দরবন এলাকার বাসিন্দাদের দাবি, বিআইডব্লিউটিএর প্রচলিত রীতি অনুযায়ী রাতে সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল না করার কথা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে। যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে।