চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর বাসায় শিক্ষিকার বস্তাবন্দি লাশ
নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বাসা থেকে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকার রুবেলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।
নিহত মরিয়ম বেগম (৫০) নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার বাসিন্দা আবুল কালামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার সকালে মরিয়ম বেগম বের হয়ে রুবেলের মেয়েকে পড়াতে তার বাসায় যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে রুবেলের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, শরীরে থাকা স্বর্ণালঙ্কার লুটের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, “বাড়ির মালিক রুবেল, তার স্ত্রী সুমি ওরফে ফমি এবং স্বর্ণকার দীপককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে স্বর্ণকারের কাছ থেকে নিহতের কানের দুল উদ্ধার করা হয়েছে।”
