২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন

স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 01:49 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

জামালপুরে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাত জনকে পুশইন করেছে বিএসএফ।

বৃহস্পতিবার ভোরে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেন বলে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান।

আটকদের বাড়ি ফরিদপুর, খুলনা, বাগেরহাট ও বরগুনা জেলায়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁর ছেলে মোহাম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০), খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে সুমি আক্তার (৩০), তার বোন রেমি আক্তার (২০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২)।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ভোরে ভারত থেকে সাত জনকে পুশইন করেছে এমন খবর পেয়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত থেকে তাদের আটক করে পুলিশে দেন।

তিনি বলেন, “আটকরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যান বলে আমাকে জানিয়েছে। সম্প্রতি বিভিন্ন সীমান্তে পুশইনের ঘটনা ঘটলে কামালপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ।”

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি খন্দকার শাকের আহমেদ জানান।