১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে গাছে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

পুলিশের ধারণা, চালক হয়তো ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন।

সিরাজগঞ্জে গাছে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল্পারের
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 04:28 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে। 

শনিবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান। 

নিহত মো. মোরসালিন (২০) চাঁপাইনাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে।তিনি ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ওয়াদুদ বলেন, ঢাকা থেকে ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজস্ব লেন ছেড়ে ডান পাশে গিয়ে একটি গাছে ধাক্কা দেয়। 

“এ সময় চালকের সহকারী মোরসালিন ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে চালক হয়তো ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন।” 

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।