‘সন্তানের মারধরের’ পর বাবার বিষপান, পরে হাসপাতালে মৃত্যু
“আমার শ্বশুর মানসিক ভারসাম্যহীন ছিলেন।”
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘সন্তানদের অত্যাচার’ সহ্য করতে না পেরে ৮০ বছরের এক বৃদ্ধ বিষপান করার ছয়দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতালের সরকারী পরিচালক জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন।
মৃত ৮০ বছর বয়সী সুরেন গাইন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মতিলাল গাইন।
বৃহস্পতিবার রাতেই নিজ বাড়িতে সুরেনের অন্তেষ্টিক্রিয়া করা হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বাবাকে ‘মারধর’ করে। এই কষ্ট সহ্য করতে না পেরে ওইদিন রাতে ঘরে থাকা ‘কীটনাশক পান করে’ আত্মহত্যার চেষ্টা করেন সুরেন।
পরে তাকে গুরুতর অবস্থায় বাড়ির লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সদর হাসপাতালে পাঠানো হলে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়।
সুরেনের এক প্রতিবেশী বলেন, সুরেন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতেন। তাদের থাকা খাওয়া নিয়ে প্রায়ই দুই সন্তানের সঙ্গে মা-বাবার ঝগড়া হতো। ছেলেরা প্রায়ই মা-বাবাকে মারধর করতো। তাদের ‘অত্যাচার সহ্য করতে না’ পেরে সুরেন ‘বিষপান’ করে আত্মহত্যার চেষ্টা করেন।
চিকিৎসক জীবিতেশ বিশ্বাস বলেন, “সুরেনকে হাসপাতালে আনার পর তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছিল। তার শরীরে পয়েজন পাওয়া গেছে।”
সুরেনকে মারধারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার দুই ছেলে খোকন ও প্রদীপ কোনো মন্তব্য করতে রাজি হননি।
খোকনের স্ত্রী সুচিত্রা গাইন বলেন, “আমার শ্বশুর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারণে কীটনাশক পান করেছিলেন, তা আমাদের জানা নেই।”
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তারা এ ঘটনায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেবেন।
