Published : 25 Jul 2026, 09:26 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫) এবং নসিমনের চালক বাড়ৈখালী এলাকার আইয়ুব মিয়ার ছেলে মজনু মিয়া (৩০)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, উপজেলার বাড়ৈখালী থেকে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার গুলিস্তানের যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নসিমন চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনার পরপর বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি আটকের চেষ্টা করছে। এ ছাড়া দুমড়ে-মুচড়ে যাওয়া নসিমনটি জব্দ করা হয়েছে।