গাজীপুরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইলস নামে একটি কারখানার সামনে এ ঘটনা ঘটার কথা বলেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সেটিতে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। তবে তাতে কোনো রোগী ছিলেন না। শুধু চালক ও গাড়ির মালিক ছিলেন। তারা গাড়ি থামিয়ে দ্রুত নেমে যান। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সেটি আগুনে পুড়ে ভস্ম হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস করেননি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”
