Published : 31 Jan 2026, 12:14 AM
রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই দম্পতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মৃত নারীর নাম রওশন আরা (৫৫)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল (৬০)। তিনি কামাল মালিক নামে সাংবাদিকতা করেন।
কামাল বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক হিসেবে কর্মরত।
শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন। কামাল ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন বলেন, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। রওশন আনার মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
তিনি বলেন, সাংবাদিক কামালের হাতে ও পায়ে জখম আছে। তিনি একধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন। তার অবস্থাও সংকটাপন্ন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন কামাল। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাড়িতে যায়। তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাদের বের করা হয়েছে।
দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব বলেন, “খবর পেয়ে আমরাও হাসপাতালে যাই। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।”
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, “ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন পাঠানো হয়। তারা ঘটনাস্থল পর্যক্ষেণ করে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।
“ওই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যা-ই ঘটুক, তারা নিজেরাই ঘটিয়েছেন, এটুকু অনুমান করা যাচ্ছে।”