কারা ফটকে বিক্ষোভ, মুক্তি পেলেন মাওলানা মুহিবুল্লাহ
দুপুরে আন্দোলনকারীরা কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনেই পলিথিন বিছিয়ে জোহরের নামাজ আদায় করেন।
জামিনে গাজীপুরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতুল আনসার ফির হিন্দাল শারক্বীয়ার ‘নায়েবে আমির’ মাওলানা মো. মুহিবুল্লাহ।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে মাওলানা মুহিবুল্লাহকে মুক্তি দেওয়া হয়েছে।
মাওলানা মহিবুল্লাহ ভোলার সদর থানার চরসিফলি গ্রামের আব্দুর রব মাস্টারের ছেলে। ২০২৩ সালের ২৩ মার্চ বিলাইছড়ি থানার সন্ত্রাসবিরোধী মামলায় তিনি গ্রেপ্তার হন।
তার মুক্তির আগে মঙ্গলবার সকাল ১১টা থেকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফটকে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের‘ ব্যানারে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মাওলানা মুহিবুল্লাহকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাকে আটক রেখে জেলার ও জেল সুপার আদালতের রায় অবমাননা করছেন।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, বিলাইছড়ি থানার মামলায় গত ৩০ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান মাওলানা মো. মুহিবুল্লাহ। এছাড়াও ডেমরা থানা ও বিলাইছড়ি থানায় আরও দুইটি মামলায় আগেই তিনি জামিন পেয়েছেন।
তার জামিনের কাগজপত্র বিগত চারদিন আগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি না দিয়ে আটকে রাখে।
আলতাফ হোসেন বলেন, “জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পরে তাকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার সুযোগ নেই।”
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে প্রিজন ভ্যান, অ্যাম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও প্রবেশে বাধা দেওয়া হয়।
দুপুরে আন্দোলনকারীরা কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনেই পলিথিন বিছিয়ে জোহরের নামাজ আদায় করেন।
একপর্যায়ে বিকাল ৪টার দিকে কারা কর্তৃপক্ষ মুহিবুল্লাহকে মুক্তি দেয়। পরে তাকে নিয়ে ফেরেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের নিয়মের মধ্যে থেকেই কাজ করতে হয়। জামিনের কাগজ পাওয়ার পর তা যাচাই বাছাই করেই তাকে ছেড়ে দেয়া হয়েছে।”
পুরানো খবর
