কুমিল্লায় আলাদা সড়কে অজ্ঞাত কিশোরসহ ৩ মৃত্যু
এসব ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন।
কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত কিশোরসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছে অন্তত চারজন।
বুধবার ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ ও স্থানীয়রা জানায়।
নিহতরা হলেন, সদর উপজেলায় পাঁচথুবী এলাকার মো. ইমান হোসেন (২৫) ও কৃষক মো. সামছুল হক (৮২) অজ্ঞাত এক কিশোর।
এলাকাবাসী জানান, বুধবার বিকালে লাকসামের দোগাইয়া এলাকায় একটি পিকআপ ৫-৬ জন মানুষ বহন করে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে পিকআপ ও আহতদের উদ্ধার করে। এতে অজ্ঞাত কিশোর নিহত হন।
আহত অন্যজনকে লাকসামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার বেলা ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে মাটিবাহী ট্রাকের চাপায় মারা যান মো. ইমান হোসেন (২৫) নামে এক যুবক।
স্থানীয়রা জানান, বিকালে ইমান হোসেন রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা জানতে পেরেছি, মোটরসাইকেল আরোহী ইমান হোসেন একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, কুমিল্লার লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের হরিশ্চর চৌরাস্তা এলাকায় বুধবার সকাল ১১টার দিকে রাস্তা পার হতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. সামছুল হক (৮২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত সামছুল হক উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী লুৎফু আলীর বাবা। ছেলের বাড়ি জগতপুর গ্রামে তিনি বসবাস করতেন।
তবে লালমাই ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনার কোনো তথ্য তাদের কাছে নেই।
