নোয়াখালীতে সাবেক স্ত্রীর বিয়ে, কিশোর সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
চার দিন আগে একটি ধান ক্ষেতের পাশ থেকে ১৪ বছরের নাঈমের লাশ উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভে কিশোর সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয় বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
গ্রেপ্তার মো. ইব্রাহীম খলিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জঙ্গালিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে।
নিহত কিশোরের নাম মো. নাঈম (১৪)। সোমবার সকালে সুবর্ণচর উপজেলার মধ্য বাগ্যা গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনা বৃহস্পতিবার নাঈমের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে ইব্রাহীম খলিলকে আসামি করে হত্যা মামলা করেন।
নাঈমের নানা এবায়েদ উল্যাহ বলেন, প্রায় তিন বছর আগে নাইমের মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে নাঈম সুবর্ণচরে নানা বাড়িতে থেকে স্থানীয় দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করতো।
তিনি বলেন, রোববার রাতের খাবার খেয়ে নানা বাড়ির একটি কক্ষে ঘুমাতে যায় নাঈম। পরদিন সোমবার ফজরের নামাজ পড়ার জন্য তাকে ডাকাডাকি করে পাওয়া যায়নি। পরে সকালে বাড়ির অদূরে একটি ধান ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহারে করা হয়, তিন বছর আগে ইব্রাহিমের সঙ্গে সুমির বিবাহ বিচ্ছিন্ন হয়। এরপর থেকে তাদের নাঈম নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করছিল। কয়েকদিন আগে সুমি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সুমির ওপর ক্ষুব্ধ হয়ে ছেলের আয়-রোজগার খেয়ে দেবেন না বলে হুমকি দেন ইব্রাহীম খলিল।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল ছেলের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
