চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে যান।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চামুচা সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার পর অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে বলে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান।
আটকরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলা মো. বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লার লাকসাম উপজেলার মো. রবিউল ইসলাম (৩০), খুলনার সোনাডাঙ্গা উপজেলার পিন্টু শেখ (৩০), রংপুরের কাউনিয়া উপজেলার মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাটের আদিতমারি উপজেলার টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), দৌলতপুর উপজেলার মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘা উপজেলার মেহের আলী (৩২), পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মো. রহমত (৪০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মো. তহিল উদ্দিন সিকদার (৪০) এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মো. মোশারফ আলী (২১)।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে তাদেরকে ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। বিজিবি তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।
