১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গণভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বাধা নেই: আলী রীয়াজ

“সাদা ব্যালট পাঁচ বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে।”

গণভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বাধা নেই: আলী রীয়াজ
ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে’ বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

গণভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কোনো বাধা না থাকার কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

তিনি বলেছেন, “প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই।”

সোমবার দুপুরে ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে’ বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, “কে ক্ষমতায় গেল, কে গেল না, তাতে কিছু যায় আসে না। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত থাকবে বলে কথা দিয়েছে। সুতরাং গণভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তা সফল হবে না। প্রত্যেককে রাষ্ট্র মেরামতে দায়িত্ব পালন করতে হবে। 

তিনি বলেন, “অনেকেই বলছেন, কেউ যদি দায়িত্ব পালন না করে, এ নিয়ে আমার কথা হচ্ছে, রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলো মাসের পর মাস যুক্ত থেকেছে, অঙ্গীকার করেছে, তারা কেন তা করবে না বলে আমি তা মনে করছি না। 

“তারা অবশ্যই পালন করবে, তারা তো অঙ্গীকারবদ্ধ হয়ে শাসন করেছে। তারা তো অংশগ্রহণ করেছে, তারা তো না বলছেন না। আর নাই বলবেন কেন, এই জিনিস তো এই সরকারের তৈরি নয়, এটা রাজনৈতিক দলগুলোর তৈরি করা। রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে এগুলো তৈরি হয়েছে। সেটা বাস্তবায়নের লক্ষ্য নেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বাধা আইনিভাবে নেই, নৈতিকভাবেও নেই।

বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই গণভোট হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র তথা সরকার ইতিবাচক ভোটের জন্য প্রচার চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ এ সহকারী।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “দেশে বিদেশে একটি চক্র গণভোট নিয়ে ফ্যাসিবাদ সৃষ্টি করতে নানা অপপ্রচার চালাচ্ছে। ইকো চক্রের মহল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। 

“গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আল্লাহর উপর মানুষের পূর্ণ আস্থা থাকবে না। এসব কিছু সম্পূর্ণ বোকাস। এই ফ্যাসাদ সৃষ্টিকারীদের ট্র্যাপে যেন আমরা কোনোভাবে না পড়ি।”

নিজেদের দায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ বিজয়ী করার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। 

এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।