২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ঢলের স্রোতে ভেসে গিয়ে শিশু নিখোঁজ

সকালে রাস্তা পার হওয়ার সময় শিশুটি পানির স্রোতে তলিয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 03:19 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বাবনী গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। 

নিখোঁজ বৃষ্টি ঋষি একই ইউনিয়নের বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির মেয়ে। সে আগবকাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দুই দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামের কাঁচা সড়ক তলিয়ে গেছে।

শিশুটির পরিবারের বরাতে আশরাফুল ইসলাম জানান, সকালে বৃষ্টি বাড়ি থেকে বের হয়ে পাশের বাবনী গ্রামে রাস্তা পার হওয়ার সময় পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধারে চেষ্টা চালায়।

পরে না পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে; দুপুর ৩টা নাগাদ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এদিকে শুক্রবার সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুর আলীপুর গ্রামের আব্দুল গফুরের ২ বছরের মেয়ে বুশরা আক্তার বাড়ির সামনে হাওরের পানিতে ডুবে মারা গেছে।