২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়কে প্রাণ গেল নারী ও শিশুর

মোটরসাইকেলের ধাক্কায় নারী এবং প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে আরোহী এক শিশু নিহত হয়েছে।

বগুড়ায় সড়কে প্রাণ গেল নারী ও শিশুর
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

বগুড়া সদর উপজেলায় আলাদা সড়কে এক নারী ও এক শিশুর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার সকালে শহরের মাটিডালী বিমান মোড় এবং টিএমএসএস মেডিকেল কলেজের সামনে এসব ঘটনা ঘটে বলে জানান কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান।

নিহত রেহেনা বেগম সদর উপজেলার গোপালবাড়ী এলাকার প্রয়াত সিদ্দিক সরদারের স্ত্রী। তিনি মাটিডালী মোড়ের মাহাথির হোটেলের কর্মচারী ছিলেন। অপর নিহত এক বছর বয়সি জোবাইদা মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের মেয়ে।

ওসি হাফিজুর রহমান বলেন, সকাল সোয়া ৮টার দিকে রেহেনা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রেহেনা ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন। 

মোটরসাইকেল চালক মোহাম্মদ নাঈম হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

এদিকে সকালে জিহাদ ঢাকা থেকে প্রাইভেট কারে করে পরিবারের সদস্যদের নিয়ে বগুড়ায় ফিরছিলেন। পথে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খায়। এতে জিহাদের মেয়ে জোবাইদা ঘটনাস্থলেই মারা যায়।

প্রাইভেট কারে থাকা পরিবারের অন্য সদস্যদের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।

ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।