ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গেল বাইক আরোহী ২ কিশোরের প্রাণ
পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তারা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইক আরোহী দুই কিশোরের প্রাণ গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেঘনা-গোমতী সেতুর উপর চট্টগ্রামমুখি লেনে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ।
নিহতরা হল- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৬) ও পাশের চর চৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে অসিম (১৭)।
পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তারা।
আশরাফুল সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এবং অসিম পাশের জেলা কুমিল্লার দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আশরাফুলের মামাত ভাই মো. হাসিব বলেন, আশরাফুল ও অসিম দুপুরে বাইক নিয়ে সোনারগাঁও বেড়াতে যায়। সন্ধ্যায় তারা বাসায় ফিরছিল। পথে ওই সেতুর উপরে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
হাইওয়ে পুলিশ কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “বাইকটি চট্টগ্রামমুখি লেনে পড়ে ছিল। আমরা সেখান থেকে লাশ দুটিও উদ্ধার করি। ব্যস্ততম এই মহাসড়কে ব্রিজের উপর প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। তবে, প্রাথমিক আলামত দেখে এটা দুর্ঘটনা বলে মনে হচ্ছে।”
রাতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
