২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

২০১৯ সালের ২ সেপ্টেম্বর শিশুটিকে সাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 09:06 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

নীলফামারী সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পী।

দণ্ড পাওয়া জাবেদ আলী (৬০) সদর উপজেলার সুটিপাড়া গ্রামের বকসিপাড়ায় ভাড়া বাসায় থেকে ফেরি করে শিশুদের জামাকাপড় বিক্রি করতেন। তিনি দিনাজপুর সদর এলাকার ঘাসিপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি রমেন্দ্র নাথ জানান, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ওই শিশুটি সুটিপাড়ায় তার খালুর মুদি দোকানে বসেছিল। এ সময় ফেরিওয়ালা জাবেদ আলী শিশুটিকে বাইসাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যান।

সেখানে শিশুটিকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী জাবেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় জাবেদ আলীকে আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা করে শিশুটির পরিবার।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।