সিরাজগঞ্জে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান-সদস্যসহ ৪ জন কারাগারে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রচারের সময় তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাশকতার মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি আসলাম হোসেন।
এর আগে বুধবার বিকালে র্যাব-১২ এর অভিযানে তাদের উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক (৪৬), ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন (৪০), ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৪৬) ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৩)।
ওসি আসলাম জানান, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি প্রচারের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। সেই অভিযোগে সম্প্রতি থানায় নাশকতার মামলা হয়েছে।
ওই ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাদের থানায় হস্তান্তর করে র্যাব।
পরে বিকালে গ্রেপ্তারদের আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
