Published : 21 May 2026, 09:25 PM
চুয়াডাঙ্গা সদর থেকে এক নারীকে আটক করা হয়েছে; যার কাছে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় রুপা পাওয়ার দাবি করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন নান্টুরাজ সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
আটক রিজিকা বেগম (৬০) দর্শনা থানার ইল্ট চানপুর গ্রামের প্রয়াত শাহজাহানের স্ত্রী।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, গোপন খবর পেয়ে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদের নেতৃত্বে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ঢাকা থেকে ট্রেনে আসা এক নারীকে আটকের পর তল্লাশি করে ১৮টি ভারতীয় রুপার বার পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা রুপার ওজন চার কেজি ১০০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা বলে জানান নাজমুল হাসান।
তিনি বলেন, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।