২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

এর অনুলিপি প্রধান উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কাছেও পাঠান তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠান গড়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ উচ্চতর কৃষি শিক্ষার প্রতিষ্ঠান গড়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষার্থীরা এই স্মারকলিপি দেন। এর অনুলিপি প্রধান উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কাছেও পাঠান তারা।

এ সময় শিক্ষার্থী শাহ আলম পালোয়ান, আবু বক্কর সিদ্দিক, যুবায়ের মুর্তজা, হুমায়ুন কবীর, মেহেদী হাসান, ফাহিম মুনতাসির, তাওসিদ আলম তাজিম, বশির আহমেদ, ফাহিম মুসতাসির শান্ত ও সাপাইয়া আক্তার উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া দেশের প্রাচীন জনপথ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ  স্বাধীনতা পরবর্তীতে দেশের সব উন্নয়ন ও অগ্রগতিতে এই জেলার অবদান রয়েছে। 

প্রাকৃতিক খনিজ সম্পদ গ্যাস ক্ষেত্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সার কারখানা, আন্তর্জাতিক নদী ও স্থলবন্দর, চাল উৎপাদনসহ প্রবাসী আয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে এই জেলা। জেলার জনসংখ্যা প্রায় ৩৪ লাখ। ভৌগোলিক ও বাণিজ্যিক কারণে অন্যান্য জেলার সঙ্গে এই জেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। 

এতে আরও বলা হয়, কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরও জেলাটিতে সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নেই এবং স্থাপনের ক্ষেত্র সবসময় উপেক্ষিত হয়ে আসছে। ভৌগোলিক অবস্থানগত কারণে জেলায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এর সুফল এই জেলাসহ আশপাশের জেলার সাধারণ শিক্ষার্থীরাও পাবে।